সন্ত্রাসীদের কোন দল নেই, এই ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে
-হুইপ ইকবালুর রহিম,
দিনাজপুর প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিরাগঞ্জের শাহাজাদপুরে গুলিতে নিহত দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী দিনাজপুর প্রেসক্লাবের সামনে দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ ও দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, উদীচীর সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, সাপ্তাহিক পূর্ণভবার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আলোকিত বাংলাদেশ’র কামরুল হুদা হেলাল, প্রথম আলো’র আসাদুল্লাহ সরকার, কালের কন্ঠ’র সালাহ্ উদ্দিন আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইদ্রীস আলী, যুগান্তরের আহসানুল আলম সাথী, দৈনিক জনতার শামীম রেজা, ইনকিলাবের মাহফুজুল হক আনার, আরটিভি’র আনিস হোসেন দুলাল, দেশটিভি’র আবুল কাশেম, এসএ টিভি’র খাদেমুল ইসলাম, এনটিভি’র ফারুক হোসেন, মাছরাঙ্গা টিভি’র রেজাউর রহমান রঞ্জু, এশিয়ান টিভি’র রফিকুল ইসলাম ফুলাল, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, খবর একদিনের সম্পাদক মোফাসিরুল রাশেদ, মানবকণ্ঠের সুলতান মাহমুদ, দৈনিক সমকালের বিপুল সরকার সানি, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মেহেদী হাসান সরকার প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন টিভি মিডিয়ার ক্যামেরাপার্সন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হামলা ও খুনের শিকার হচ্ছেন। সন্ত্রাসীদের কোন দল নেই, এই ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যে কোন সিদ্ধান্ত নিতে তৎপর। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আর যাতে কোন সংবাদিক এভাবে অকালে প্রাণ না হারায় সেজন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে।
সাংাদিক শিমুলের হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে মানববন্ধনে অন্যান্যরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হয়েছে। শুধু তিনিই নয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। যারা এসব ঘটনার সাথে জড়িত তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে দাবি জানানো হয়।
